আর কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৬
ঢাকা: নতুন করে আর রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধের কারণে যে সকল সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের ফেরত পাঠানোর জন্য চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে বাংলাদেশে ১৩ থেকে ১৪ লাখ রোহিঙ্গা রয়েছে। এই রোহিঙ্গার দেখভাল করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশের কথা যেখানে এসেছে সেটা আর হবে না। যে ১৩/১৪ লাখ রোহিঙ্গা হয়ে গেছে তাদের নিয়েই অনেক সমস্যা। আন্তর্জাতিক যে সাহায্য আসত সেটাও কমে গেছে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। এই পরিস্থিতিতে আর সংখ্যা বাড়াতে চাই না। সীমান্তরক্ষী বাহিনী যারা এসেছে তারা (মিয়ানমার) তাদের নিয়ে যাবে আন্তর্জাতিক বিধিবিধান মেনে। সেটা আলোচনায় আছে।
মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে সশস্ত্রদের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে। তাদের অনেকে আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সারাবাংলা/জেআর/আইই