চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগের দু’গ্রুপ
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত আছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপর সাড়ে ১২টার দিকে চবি ক্যাম্পাসে শাহ আমানত হলের সামনের সড়কে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক বিজয় ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে সেটা সংঘাতে রূপ নেয়। দু’গ্রুপের নেতাকর্মীরা আলাদাভাবে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশ সেখানে উপস্থিত হয়। সংঘর্ষে জড়িতদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসাইন সারাবাংলাকে বলেন, ‘শিক্ষা ও গবেষণা বিভাগের ছাত্র রাশেদকে আগের একটি ঘটনার জেরে পিঠা উৎসবে মারধর করা হয়। এরপর মারামারি শুরু হয়েছে।’
সংঘর্ষে জড়িত সিক্সটি নাইন গ্রুপের কারও বক্তব্য জানা যায়নি। বিবদমান বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
সংঘর্ষের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার সারাবাংলাকে বলেন, ‘সংঘর্ষ মূলত পূর্বের ঘটনার জের ধরে তৈরি হয়েছে। সংঘর্ষের খবর পাওয়া মাত্রই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে হাজির হয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।’
সারাবাংলা/আরডি/এনএস