চবির নতুন উপউপাচার্য সেকান্দর চৌধুরী
৬ মার্চ ২০২৪ ২০:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন উপ উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী।
বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন সেকান্দর চৌধুরী। বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা তিনি পাবেন। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক সেকান্দর চৌধুরী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব ছাড়াও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।
এছাড়া উপ-উপাচার্য হিসেবে অ্যাকাডেমিক দায়িত্ব পালন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে। ২০২৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে রয়েছেন।
অধ্যাপক সেকান্দর চৌধুরী ১৯৬১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগীতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৭ সাল থেকে একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত।
সারাবাংলা/আইসি/ইআ