ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ
১৩ মার্চ ২০২৪ ১৬:০২
ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের জন্য আগামী ২৪ মার্চ থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এদিন টিকিট কেটে ৩ এপ্রিল যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আর ঈদ পরবর্তী টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, যা দিয়ে ১৩ এপ্রিল ভ্রমণ করা যাবে। সকাল ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।
বুধবার (১৩ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি জানান, টিকিট কালোবাজারি রোধ করে যাত্রীদের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার ওপরে এবার জোর দেওয়া হচ্ছে। এবারও রেলের টিকিট কাটতে হবে অনলাইনে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহদাত হোসেন এবারের ঈদ যাত্রার পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী, ২৪ মার্চ টিকিট বিক্রি শুরু হবে। এদিনের টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন ৩ এপ্রিল। ৪ এপ্রিল যাতায়াত করার জন্য টিকিট কাটতে হবে ২৫ মার্চ, ৫ এপ্রিল যাতায়াত করার জন্য টিকিট কাটতে হবে ২৬ মার্চ, ৬ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ২৭ মার্চ এবং ৭ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ২৮ মার্চ, ৮ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ২৯ মার্চ আর ৯ এপ্রিল ভ্রমণের জন্য টিকিট কাটতে হবে ৩০ মার্চ।
অন্যদিকে, ঈদ শেষ করে ফিরে আসার জন্য ৩ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ১৩ এপ্রিল যাতায়াতের টিকিট পাওয়া যাবে ৩ এপ্রিল, ১৪ এপ্রিল যাতায়াতের টিকিট কাটতে হবে ৪ এপ্রিল, ১৫ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৫ এপ্রিল, ১৬ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৬ এপ্রিল, ১৭ এপ্রিল যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে ৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল ভ্রমণের জন্য ৮ এপ্রিল টিকিট কাটতে হবে এবং ১৯ এপ্রিল ভ্রমণের জন্য টিকিট কাটতে হবে ৯ এপ্রিল।
রেলওয়ের মহাপরিচালক জানান, এবার নিবন্ধন ছাড়া কোনো টিকিট বিক্রি করা হবে না। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় থেকে আর পূর্বাঞ্চলে যাতায়াতের জন্য সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু করা হবে।

এবারও একজন যাত্রী ঈদে অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/ জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ঈদের চাঁদ দেখার ওপরে নির্ভর করে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক অফ ডে প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ৫২ জোড়ার সঙ্গে বিশেষ ১৬টি যাত্রীবাহী ট্রেন যোগ হবে। এছাড়া বিনা টিকিটে ভ্রমণ, রেলে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, প্রতিবছর দেখা যায় ঈদ এলেই কালোবাজারির সংখ্যা বেড়ে যায়। ফলে টিকিট নিয়ে যাত্রীরা নানা হয়রানির মুখোমুখি হয়। কালোবাজারি বন্ধে সব ধরনের পন্থা অবলম্বন করা হবে। সেজন্য সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কালোবাজারি বন্ধে সহযোগিতা করার জন্য বলেছি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর বলেন, ‘টিকিট কালোবাজারি বন্ধে যত ধরনের পথ আছে সেসব আমরা অবলম্বন করবো।’
অনলাইনে টিকিট বিক্রিতে টিকিট পাওয়া কঠিন, কম সময়েই শেষ হয়ে যায় এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার ২৫% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা থাকবে। বাকি টিকিট অনলাইনেই বিক্রি হবে।’ এসময় ছাদে ভ্রমণ না করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানান তিনি।
সারাবাংলা/জেআর/এমও