ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী থাকলেও বাস নেই, ভোগান্তি
৯ এপ্রিল ২০২৪ ১৮:০১
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর চাপ থাকলেও নেই পর্যাপ্ত বাস। তাই বাধ্য হয়েই কেউ ট্রাকে, কেউ পিকআপে রওয়ানা দেন গন্তব্যে। ট্রাকে-পিকআপে বসার জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
এদিকে, বাস না থাকার সুযোগে ট্রাক ও পিকআপে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া ট্রাকচালক মাহমুদউল্লাহ বলেন, ঈদেতো আমাদের ট্রিপ কম তাই যাত্রী নিয়ে যাচ্ছি। জোর করে তো নিচ্ছি না, যাত্রীরা স্বেচ্ছায় যেতে চাচ্ছে। ঝুঁকি তো অবশ্যই আছে। কি করার, যাত্রীদের তো বাড়ি যেতে হবে। বাসে যা ভাড়া নিচ্ছে আমরাও তাই নিচ্ছি।

মামুন নামের একজন বলেন, বাস নেই, আর দু-একটি পেলেও অনেক ভাড়া চায়। যার জন্য আমি ট্রাকে যাচ্ছি। এখন দেখি ট্রাকে অনেক বেশি ভাড়া চাচ্ছে। তবুও যাব। ঝুঁকি থাকলেও কিছু করার নেই। বাড়িতো যেতে হবে।
বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ প্রসঙ্গে অনাবিল পরিবহনের হেলপার শরীফ বলেন, যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময়তো খালি আসতে হবে। তখন আমি তেলের টাকা কোথায় পাব? তাই অতিরিক্ত ভাড়া নেওয়া লাগছে।

সোহেল নামের এক গার্মেন্টস কর্মীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আগে যেতাম জনপ্রতি ২০০ টাকা। কিন্তু এখন ৭০০ টাকা চাচ্ছে। আমার পরিবারে পাঁচজন সদস্য। সেই হিসেবে অতিরিক্ত দেওয়া লাগবে দুই হাজার ৫০০ টাকা। বেতন পাই কত? সরকারের উচিত আমাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অশোক কুমার পাল বলেন, আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। ট্রাকে যাত্রী থাকলে আমরা তাদের ট্রাক থেকে নামিয়ে অন্যত্র গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। তবুও অনেকে আমাদের অগোচরে ভাড়া বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে রওয়ানা হয়েছে। আমরা যতোটা পারছি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
সারাবাংলা/এনইউ