গ্যাস বাবুর ফোন উদ্ধারে অভিযান, ফেঁসে যেতে পারেন অনেকে
২৬ জুন ২০২৪ ২৩:০৭
ঝিনাইদহ: এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে।
বুধবার (২৬ জুন) ডিবিপ্রধান হারুন অর রশীদ এ অভিযান পরিচালনা করেন। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তায় ঘিরে রাখে।
এর আগে, এদিন সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে নামিয়ে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রাথমিক অভিযান শেষে করে পরে শহরের স্টেডিয়াম এলাকায় অপর একটি পুকুরে অভিযান চালায় তারা।
সেখানে অভিযানের এক পর্যায়ে ডিবিপ্রধান হারুন গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডে মোট সাত জন অংশ নেয়। তাদের মধ্যে পাঁচ জনকে আমরা গ্রেফতার করেছি। বাকি দুজনকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হব। কোন ভালো মানুষকে হয়রানি করা হবে না। আবার অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল তিনটি উদ্ধারের চেষ্টা চলছে। আনার হত্যায় বেরিয়ে আসছে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতার নাম।’
এ সময় আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ডিএমপির ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহ সিনিয়র জুডিশিংয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযম, ঝিনাইদহ পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিনসহ পুলিশের পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।
সারাবাংলা/পিটিএম