৮ বছর পর কারামুক্ত আসলাম চৌধুরী
২০ আগস্ট ২০২৪ ১২:২২
চট্টগ্রাম ব্যুরো: আট বছর কারাবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ্য জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম জানান, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। ২০১৩ সালের ঢাকার কোতোয়ালী থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাকে মুক্তির আদেশ দেন।
সর্বশেষ মামলায় জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানা গেছে।
আসলাম চৌধুরী মুক্ত হচ্ছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল নয়টা থেকে চট্টগ্রাম কারাগারের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। ট্রাক, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে আসলাম চৌধুরীর এলাকা সীতাকুণ্ডসহ আরও বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নগরীর জেল রোড, লালদিঘীর পাড় এলাকায় হাজারো নেতাকর্মীর ঢল নামে।
সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা স্লোগান দিয়ে ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। গলায় গোলাপ ফুলের মালা পরিহিত আসলাম চৌধুরী ছাদ খোলা পাজারো গাড়িতে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এরপর সামনে পেছনে মোটর সাইকেল, ট্রাক ও অন্যান্য গাড়িবহর নিয়ে আসলাম চৌধুরী এগিয়ে যান।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে গ্রেফতার হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ‘বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র করার’ অভিযোগ আনা হয়। রাষ্ট্রদ্রোহ-নাশকতা-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একের পর এক মামলা করা হয়।
আসলাম চৌধুরী বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে আছেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
সারাবাংলা/আরডি/ইআ