বহু দোকান পুড়িয়ে নিয়ন্ত্রণে উত্তরার আগুন
১২ মার্চ ২০২৪ ০৪:৪৫
ঢাকা: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর কাঁচাবাজার এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করার এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এর মধ্যেই পুড়ে গেছে বহু দোকান।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সারাবাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি জানান, পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।
এর আগে রাত ২টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। রাত ২টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে শুরু করে ২টা ১০ মিনিটে।

বহু দোকান পুড়লেও হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ছবি: সারাবাংলা
উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত জমজম টাওয়ারের বিপরীত দিকে যেখানে আগুন লেগেছে, সেটি মূলত কাঁচাবাজার। স্থানীয়রা জানান, সেখানে কাঁচামালের দোকান ছাড়াও ছিল মুদি দোকান। লেপ-তোষক ও মেশিনারিজের দোকানও ছিল। ছিল ফার্নিচারের কয়েকটি দোকান। ছিল মাংসের দোকান।
এগুলোর কিছুই রেহাই পায়নি আগুন থেকে। মাংসের দোকানে জবাইয়ের জন্য রাখা গরু-খাসি পর্যন্ত জীবিত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে পুড়ে যাওয়া দোকানের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। আগুনে বহু দোকান পুড়লেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন-
উত্তরা সেক্টর ১১ কাঁচাবাজারে আগুন, কাজ করছে ১০ ইউনিট
সারাবাংলা/এসবি/টিআর