জয়পুরহাটে কৃষক হত্যায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন
১৫ জুলাই ২০২৪ ১৭:০৮
জয়পুরহাট: জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৫ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট উদয় সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে সানাউল, তার স্ত্রী লতিফা ওরফে বেলো বেগম ও ছেলে ফিরোজ।
মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের কৃষক নুরুল ইসলামের সঙ্গে আসামিদের জমি বন্ধকের টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি সকালে নুরুলের সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামিরা নুরুলের মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আরও খারাপ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল নেওয়া হয়। সেখান থেকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে পরের দিন থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ বিজ্ঞ আদালত এ রায় দেন।
সারাবাংলা/ইআ